শখের বশে মহাকাশ ভ্রমণ সাম্প্রতিক কালের খুবই আলোচিত একটি বিষয়। অর্থনৈতিকভাবে সমর্থ এমন অনেকেই আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্রে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন। মানুষের এ আগ্রহকে পুঁজি করে মহাকাশ পর্যটন শিল্প গড়ে তোলা যায়। আর এ শিল্পের পরিপূর্ণ বিকাশ ঘটলে চাঁদে মানব সভ্যতার বিস্তৃতি খুব সহজেই গড়ে উঠতে পারে। বসবাসের স্থান হিসেবে চাঁদ অনেক ভিন্ন। রোমাঞ্চপ্রিয় মানুষের চাঁদ ভ্রমণের অভিজ্ঞতা ভীষণভাবে পুলকিত করবে।
সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয়ের মাঝে সন্ত্রাসবাদ ও জ্বালানি অন্যতম। জ্বালানির চাহিদা ক্রমশঃ বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞানীরা চেষ্টা করছেন জ্বালানির নতুন উৎস খুঁজে পেতে। জ্বালানি তেলের একটি উদ্ভিজ্জ উৎস হতে পারে জাট্রপা। উদ্ভিদটি বাংলাদেশে পাওয়া যায়। জ্বালানি নিয়ে উন্নত বিশ্বের ব্যাপক চাহিদা আছে। তাই, আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে এ ধরনের উদ্ভিদ আবাদ করতে গিয়ে উন্নত বিশ্বের চাপে খাদ্যশস্য উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সন্ত্রাসী হামলা ঠেকাতে টি-রশ্মির ব্যবহার সম্পর্কেও লেখা আছে এ সংখ্যায়।
ল্যাপটপ ধীরে ধীরে আমাদের কাজের আবশ্যকীয় সাহায্যকারীতে পরিণত হচ্ছে। ল্যাপটপের দাম হাতের নাগালে আসায় এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ল্যাপটপ কেনার সময় কী কী বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন, তা নিয়ে একটি রচনা আছে এবারের সংখ্যায়। ল্যাপটপের ব্যাটারী এবং পাওয়ার এডাপটার নিয়ে ভোগান্তির কথা শোনা যায় মাঝে মধ্যেই। কেনার আগে এসব বিষয়েও সচেতন হওয়া দরকার।
সবাইকে শুভেচ্ছা।
-প্রকৌশলী মুহম্মদ আবুল হাসান
সম্পাদক, টেকনোলজি টুডে
ই-মেইলঃ editor@technology2day.com
